নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া একটি নিরাপত্তাসংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে আজ রোববার থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা সেন্টার পুনরায় চালুর বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

