মোদি ও অমিত শাহকে পদত্যাগ করতে বললেন মল্লিকার্জুন খাড়গে

মোদি ও অমিত শাহকে পদত্যাগ করতে বললেন মল্লিকার্জুন খাড়গে

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাখিল করা চার্জশিট আমলে নিতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লির একটি আদালত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া আদেশে আদালত বলেন, আইনি দৃষ্টিতে এই চার্জশিটের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

এই রায়ের প্রতিক্রিয়ায় বুধবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বিজেপির তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এই রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে চড়ের মতো। জনগণকে ভবিষ্যতে হয়রানি না করার স্বার্থে তাদের পদত্যাগ করা উচিত। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খাড়গের অভিযোগ, গান্ধী পরিবারকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ন্যাশনাল হেরাল্ড মামলা করা হয়েছে। তার দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ইডির মামলায় গান্ধী পরিবারের সদস্যদের পাশাপাশি সুমন দুবে, স্যাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে ও সুনীল ভাণ্ডারীকেও অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকা নিয়ে ২০১৩ সালে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানাধীন এই সংবাদপত্র সংস্থার বাজারে প্রায় ৯০ কোটি টাকার দেনা ছিল, যার বড় অংশ কংগ্রেসের কাছ থেকে নেওয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *