ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে দেওয়া সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট দিয়েছে ভারত।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে ডেকে পাঠানো হয়। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে পাল্টাপাল্টি এই তলব দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাড়তি উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ চাইলে ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—দেশটির মূল ভূখণ্ড থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়তে পারে।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে এক বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়, যা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় এ ধরনের উত্তেজনামূলক বক্তব্য প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলার ঝুঁকি তৈরি করছে।

