গোপালগঞ্জের কোটালীপাড়ায় একই রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ব্যাংকের স্বাক্ষরিত চেকসহ মোট ১৪ লাখ টাকার কাগজপত্র এবং প্রায় ২৫ লাখ টাকার সম্পদ চুরি গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াপদার হাট বাজার এলাকায় সিটি ব্যাংক এজেন্ট, ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিকস এবং মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।
সিটি ব্যাংক এজেন্ট সঞ্জিত হালদার জানান, তার দোকান থেকে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মোবাইল কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে।
ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, তার দোকান থেকে ১৪ লাখ টাকার স্বাক্ষরিত চেক এবং নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওয়াপদার হাট বাজারের নৈশপ্রহরী সমর আলী জানান, গভীর রাতে একটি পিকআপ বাজারে আসে। পিকআপের লোকজন গাড়ির চাকা মেরামত করছিল বলে তিনি ধারণা করেন। এরপর হঠাৎ ঘুমিয়ে পড়েন এবং এরপর কী ঘটেছে তা তিনি জানেন না।
বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এ ধরনের চুরি উদ্বেগজনক। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কোটালীপাড়া থানার এসআই মো. মামুন বলেন, ঘটনাটি পুলিশের জানা আছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

