আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পেয়েছেন সাত বাংলাদেশি ক্রিকেটার। তবে তালিকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এ নিলাম।
তালিকায় থাকা বাংলাদেশের সাত ক্রিকেটার হলেন—মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।
এবারের আইপিএল নিলামে অংশগ্রহণের জন্য স্থানীয় ও বিদেশি মোট ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাছাই করে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে, যার মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি। নিলামে ফাঁকা রয়েছে ৭৭টি স্লট, যার ৩১টি বিদেশিদের জন্য।
বাংলাদেশি খেলোয়াড়দের ভিত্তিমূল্য:
- মোস্তাফিজুর রহমান — ২ কোটি রুপি
- রিশাদ হোসেন — ৭৫ লাখ
- তাসকিন আহমেদ — ৭৫ লাখ
- তানজিম হাসান সাকিব — ৭৫ লাখ
- নাহিদ রানা — ৭৫ লাখ
- শরিফুল ইসলাম — ৭৫ লাখ
- রাকিবুল হাসান — ৩০ লাখ
নিলামের জন্য সবচেয়ে বড় বাজেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের—৬৪.৩০ কোটি রুপি। ফ্র্যাঞ্চাইজিটিকে ৬ জন বিদেশিসহ মোট ১৩ জন খেলোয়াড় দলে নিতে হবে।
এবারের নিলামে ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ রয়েছেন এই ক্যাটাগরিতে। গত মৌসুমে তিনি খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
অন্যদিকে, ভারতের ২৪০ জন খেলোয়াড়ের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশি আনক্যাপড ক্রিকেটারের সংখ্যা ১৪। যারা কখনো জাতীয় দলে খেলেননি, পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে, কিংবা পাঁচ বছর ধরে কেন্দ্রীয় চুক্তিতে নেই—তাদের আনক্যাপড হিসেবে ধরা হয়।

