সেলিম হায়দারের সাথে ভুল বোঝাবুঝি থেকে শুরু, পরবর্তীতে প্রেম: টুলু

সেলিম হায়দারের সাথে ভুল বোঝাবুঝি থেকে শুরু, পরবর্তীতে প্রেম: টুলু


বাংলা ব্যান্ড সংগীতকে জনপ্রিয়তার শীর্ষে তোলার পথিকৃৎদের মধ্যে অন্যতম আশিকুজ্জামান টুলু। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনিই প্রথম ‘ব্যান্ড মিক্সড’ অডিও অ্যালবামের ধারণা চালু করেন। গড়ে তুলেছিলেন ‘চাইম’, পরে ছেড়ে দেন। পরবর্তীতে ‘আর্ক’ ব্যান্ডকে শ্রোতাদের ভালোবাসার শীর্ষে নিয়ে যান। তবে সেই জনপ্রিয়তার মাঝেই তিনি পাড়ি জমান বিদেশে—অনেক দিন ধরেই কানাডায় বসবাস করছেন।

সম্প্রতি প্রয়াত কিংবদন্তি গিটারিস্ট সেলিম হায়দারকে স্মরণ করে টুলু নিজের ফেসবুক আইডিতে (সোমবার, ৮ ডিসেম্বর) একটি আবেগঘন স্মৃতিচারণ পোস্ট করেন।

স্মৃতিচারণে টুলু লেখেন,
“সিনেমার নায়ক–নায়িকার মতোই সেলিম ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কের শুরু হয়েছিল এক ছোট্ট ভুল বোঝাবুঝি দিয়ে—ডিজআর্গুমেন্ট বলা যায়। পরে এই মানুষটার সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি হলো, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার কথায় প্রচণ্ড হাসতেন, হাসতে হাসতে বলতেন, ‘ধুরো মিয়া, আর কাম পাও না!’”

তিনি আরও লেখেন,
“সময়টা হয়তো ’৮৬ বা ’৮৭ সাল। এল্ভিস স্টুডিও। চার ট্র্যাকের মেশিন। একটি সিনেমার গানে বেইজ গিটার বাজাচ্ছি। মিউজিক ডিরেক্টর প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। তখন সিনেমার গানে বাজানোর সুযোগ পাওয়া খুব কঠিন ছিল—অবশ্য কিছু নেপোটিজম ও ‘গেটিসে’র লেনদেন তখনও ছিল।”

সে দিনের অভিজ্ঞতা নিয়ে টুলু বলেন,
“আমার সঙ্গে এক ভদ্রলোক লিড গিটার বাজাচ্ছিলেন। তাঁকে সিঙ্গার বুথে আমার পাশে বসানো হলো। দারুণ পোশাক, ভালো পারফিউম—একেবারে স্মার্ট। মাঝে মাঝে ট্র্যাক কাট হচ্ছে, যেখানে ভুল হচ্ছে সেখান থেকে টেক নেওয়া হচ্ছে। আমি বুলবুল ভাইয়ের বলা প্যাটার্ন অনুযায়ী বাজাচ্ছিলাম। হঠাৎ ভদ্রলোক বললেন, ‘কী বাজাস? এই গানে এটা যায়? এটা তো বানিইএম প্যাটার্ন হইয়া গেল!’ আমি হেসে বললাম, ‘বুলবুল ভাই বলেছেন—এটাই বাজাতে।’ তিনি আবার বললেন, ‘ঠিকঠাক বাজাও।’ প্যাটার্নটা পুরোনো বুঝলেও, আমি মিউজিক ডিরেক্টরের নির্দেশমতোই বাজাচ্ছিলাম। কথাবার্তা দেখতে পেয়ে বুলবুল ভাই রেকর্ডিং থামিয়ে জিজ্ঞেস করলেন কী হয়েছে। আমি জিজ্ঞেস করলাম প্যাটার্ন ঠিক আছে কি না—তিনি বললেন, ‘হ্যাঁ, চলবে।’ এরপর আর ভদ্রলোকের দিকে তাকাইনি।”

তিনি জানান,
“এই ছোট্ট ডিজআর্গুমেন্ট দিয়েই সেলিম হায়দার ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। এরপর প্রায় সব রেকর্ডিংয়েই তিনি লিড বাজাতেন। ভীষণ ভালো লাগত তাঁকে—সবসময় ফিটফাট, প্রফেশনাল লুক। সে সময়কার সিনেমার ৬০–৭০ শতাংশ গানের লিড গিটারে তিনি ছিলেন। অসাধারণ বাজাতেন।”

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার।

অন্তর্মুখী এই শিল্পী শুধু লিড গিটারেই নয়—বেজ, রিদম ও কি-বোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *