ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় যেসব রাজনীতিবিদ অর্থের বিনিময়ে তাদের সহযোগিতা করেছিলেন, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তার মতে, ভোটাররা যদি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। এসময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুবিধার্থে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদকের কর্মকর্তা নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা যদি দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে সমাজে পচন ধরবে না।
এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়ে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক মানববন্ধন করে।

