লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর সম্পর্কের টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্লাবের আচরণকে ‘অসন্তোষজনক’ আখ্যা দিয়ে অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। তাঁর মতে, “সালাহ নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন।”
শনিবার (৬ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ৩–৩ ড্রয়ের পর সাংবাদিকদের সামনে সালাহ বলেন,
“অনেকবার বলেছি— কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। কিন্তু হঠাৎ মনে হচ্ছে সেই বন্ধন আর নেই। মনে হচ্ছে ক্লাবই আমাকে দোষারোপের জন্য সামনে ঠেলে দিচ্ছে।”
৩৩ বছর বয়সী সালাহ টানা তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। লিডসের বিরুদ্ধেও তিনি ছিলেন বেঞ্চে। অথচ লিভারপুলের জার্সিতে তাঁর রেকর্ড—৪২০ ম্যাচে ২৫০ গোল।
রুনির মতে, সালাহর সাম্প্রতিক বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয় এবং লিভারপুল কোচ আরনে স্লটকে এখনই কঠোর অবস্থান নিতে হবে।
নিজের পডকাস্টে রুনি বলেন—
“স্লটকে এখনই কর্তৃত্ব দেখাতে হবে। তাকে ডেকে বলতে হবে— তুমি দলের সঙ্গে ভ্রমণ করবে না। মিডিয়ার সামনে এ ধরনের মন্তব্য সহ্য করা যায় না।”
রুনি আরও যোগ করেন, সালাহর সামনে দুটি পথ—
“সম্পর্ক ঠিক করা, নয়তো ক্লাব ছাড়ার প্রস্তুতি নেওয়া। ব্যাপারটা দ্রুত সমাধানের দরকার আছে। এভাবে চলতে থাকলে সে লিভারপুলে নিজের লিগ্যাসিই নষ্ট করবে।”

