পরিবর্তন হন, না হলে গত বছরের কথা মনে রাইখেন
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হাসিনার ফ্যাসিবাদের সময়ে তারা কখনোই চুপ থাকেননি। তিনি বলেন, “ভাববেন না আমরা ভয় পেয়ে ঢাকায় পালিয়ে যাবো। আমরা সে ধরনের রাজনীতি করি না।” বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনারা পরিবর্তন হোন। না হলে গত বছরের ঘটনা মনে রাখবেন।”
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ফুয়াদ বলেন, “গত বছর বাংলাদেশ ছিল পুরোটা আওয়ামীময়। আগস্টের আগে দেশ ছিল শেখ পরিবারের নিয়ন্ত্রণে। তখন মনে হতো সারাদেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। কিন্তু আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই অনুরোধ, গণতন্ত্রের রাজনীতি করেন। শহীদ জিয়ার, বেগম জিয়ার রাজনীতি করেন। আপনারা সেটা করছেন না, বরং আওয়ামী লীগের ধাঁচে রাজনীতি করছেন।”
এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, “রোববারের ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। কারা উসকানি দিয়েছে, আমরা সবাইকে চিনি, নামও জানি। তাদের দলীয় শৃঙ্খলার আওতায় আনতে হবে। যা কিছু ঘটেছে তার দায়িত্ব আপনাদের। তা না হলে প্রতিদিন গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করার দায় থেকে আপনারা জাতির কাছে রেহাই পাবেন না।”
‘এক মাঘে শীত যায় না’ উল্লেখ করে ফুয়াদ বলেন, “আজ আমার দল ছোট। হয়তো মনে হচ্ছে আমাদের ওয়ার্ড–ইউনিয়নে হাজার হাজার কর্মী নেই। কিন্তু আপনারাও একসময় ছোট দল ছিলেন। বড় দল হয়েও গত ১৬ বছর আওয়ামী লীগকে পরাজিত করতে পারেননি।”
উল্লেখ্য, গত রোববার (৭ ডিসেম্বর) বরিশালের বাবুগঞ্জে একটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ হেনস্তার শিকার হন। অভিযোগ উঠেছে, বিএনপি নেতাকর্মীরাই তাকে অপদস্থ করার চেষ্টা করেন।

