জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা সময়মতো প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঠিক করেন।
এর আগে গত ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা অভিযোগ আনা হয়েছে; পাশাপাশি অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসা থেকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সালমান শাহকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই তার মৃত্যু ‘হত্যা’ বলে সন্দেহ করা হয়।
ওই বছর ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী আদালতে আবেদন করে অপমৃত্যু মামলা পুনঃতদন্ত এবং হত্যা মামলা হিসেবে রেকর্ডের দাবি জানান। পরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এজাহারে উল্লেখ আছে, সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে এবং পরস্পর যোগসাজশে হত্যা করা হয়েছে। তবে কোনো আসামি মারা গেলে, প্রমাণ পাওয়া গেলে তারা আইনি দায় থেকে অব্যাহতি পাবেন।

