সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার এক সিরিজকেই নিজের বিদায়ের মঞ্চ হিসেবে দেখতে চান।
রোববার (৭ ডিসেম্বর) প্রচারিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে তিনি জানান, এখনো জাতীয় দলে ফিরতে আশাবাদী এবং সমর্থকদের সামনে দাঁড়িয়ে বিদায় বলার ইচ্ছা তার প্রবল। পাশাপাশি মানুষের সেবায় রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই আড়ালে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব। অনেকেই তার ক্যারিয়ারের পরিসমাপ্তি দেখলেও সাকিব নিজেই বলেছেন—তিনি দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরই অবসর নেবেন।
পডকাস্টে সাকিব বলেন, “আমি আশাবাদী আবার বাংলাদেশ দলের হয়ে মাঠে নামব। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যেতে চাই। একটি সিরিজেই সব ফরম্যাটকে বিদায় জানাতে চাই—টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট; যে ক্রমেই হোক, তাতে আমার আপত্তি নেই।”
সমর্থকদের ভালোবাসাকে নিজের ক্যারিয়ারের বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, “সমর্থকেরা সব সময় আমার পাশে ছিল। তাদের সামনেই ক্যারিয়ার শেষ করতে চাই। তাই ফিট থাকতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছি।”
রাজনীতিতে পদচারণার প্রভাব পড়েছে তার ক্রিকেট ক্যারিয়ারে। ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব। তবু মানুষের জন্য কাজ করার তাগিদে তার রাজনৈতিক যাত্রা এখনও সামনে বলেই মনে করেন তিনি।
তার ভাষায়, “ক্রিকেটীয় অধ্যায় প্রায় শেষ। কিন্তু রাজনৈতিক অধ্যায় এখনো শুরু হয়নি। বাংলাদেশ—বিশেষ করে আমার মাগুরার মানুষের জন্য কাজ করতে চাই। এটিই এখন আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট থেকে অবসরের পরিকল্পনা ছিল সাকিবের। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় আর দেশে ফেরা হয়নি তার।

