অননুমোদিত বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া স্থাপন করা সব ধরনের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড আগামী এক সপ্তাহের মধ্যেই সরিয়ে ফেলা হবে।
সিটি করপোরেশন আইনে বলা আছে, অনুমতি ছাড়া বা নিষিদ্ধ স্থানে বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন স্থাপন করলে ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনাও এ অভিযানে বিবেচনায় রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২ নভেম্বর) ডিএসসিসি একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়, সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন জায়গায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারের সামগ্রী লাগানো হয়েছে, যা ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’-এর পরিপন্থী।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়ার লক্ষ্যে ডিএসসিসি এলাকার সব অনুমতিবিহীন ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র নিজ উদ্যোগে সরানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে অনুরোধ করা হলো। তা না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

