হায়দরাবাদগামী ইন্ডিগোর আরেকটি ফ্লাইটে আবারও বোমা হামলার হুমকি পাওয়া গেছে। শারজাহ থেকে উড়াল দেওয়া বিমানটি মাঝআকাশে হুমকি শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে মুম্বাইয়ে অবতরণ করে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে মদিনা–হায়দরাবাদ রুটের আরেকটি ইন্ডিগো ফ্লাইটেও একই ধরনের বোমা হুমকি আসে। ওই বিমানটি তখন আহমদাবাদে জরুরি অবতরণ করে।
ফ্লাইটরাডার২৪ জানায়, শারজাহ থেকে হায়দরাবাদগামী বিমানটি মাঝপথেই রুট পরিবর্তন করে মুম্বাইয়ে নামে। হুমকি পাওয়ার পর পাইলট দ্রুত জরুরি সিদ্ধান্ত নেন।
দিনের শুরুতে মদিনা–হায়দরাবাদ ফ্লাইটে ইমেইলের মাধ্যমে বোমা থাকার হুমকি আসে। ইমেইলে বলা হয়, বিমানটি হায়দরাবাদে অবতরণ করলে তা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে। হুমকি পাওয়ার পর বিমানটি নিরাপত্তার জন্য আহমদাবাদে নামিয়ে পৃথক স্থানে নিয়ে তল্লাশি করা হয়।
আহমদাবাদ জোন–৪ এর উপ–পুলিশ কমিশনার অতুল বানসাল জানান, ইমেইল পেয়েই জরুরি পদক্ষেপ নেওয়া হয়। ফ্লাইটটিতে ১৮০ জনের বেশি যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন; সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এদিকে নতুন ক্রু রোস্টারিং নিয়মের কারণে ইন্ডিগো আগেই বড় সংকটে পড়েছে। বৃহস্পতিবার ভারতে প্রতিষ্ঠানটির ৩০০–র বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, ওই দিন দিল্লি থেকে ৩৩টি, হায়দরাবাদ থেকে ৬৮টি, মুম্বাই থেকে ৮৫টি এবং বেঙ্গালুরু থেকে ৭৩টি ফ্লাইট বাতিল করা হয়। আগের দিনও বিভিন্ন বিমানবন্দরে একই পরিস্থিতি দেখা দেয়।

