শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত তফসিল ঘোষণার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে এনসিপি তাদের বিভিন্ন সংস্কার প্রস্তাবনা ইসির সামনে তুলে ধরে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে এসব সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য কঠোরভাবে যাচাই করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচনে অর্থের অপব্যবহার ও কালো টাকা ছড়ানোর বিরুদ্ধে ইসিকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
গণভোট বিষয়ে তিনি বলেন, সঠিক প্রচারণা না হলে জনগণের কাছে যথাযথ তথ্য পৌঁছাবে না, তাই গণভোট নিয়ে পরিষ্কার ও বিস্তৃত প্রচার করতে হবে।
এ ছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্যও ইসিকে আহ্বান জানান নাহিদ ইসলাম।

