শাপলা কলি প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান।
সাক্ষাৎকালে ইসির সঙ্গে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে এসব সংস্কার প্রস্তাবনা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হলফনামায় প্রার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে এবং অর্থব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নিতে হবে। নির্বাচনে কালো টাকা ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
গণভোট বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে তথ্য সঠিকভাবে পৌঁছাতে হলে গণভোট নিয়ে স্পষ্ট ও বিস্তৃত প্রচার চালাতে হবে।
এ ছাড়া ভোটের সময় অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান এনসিপির আহ্বায়ক।

