বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের সব মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করবে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এসব কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, ৭ ও ৮ ডিসেম্বর ছাত্রদল, ৯ ডিসেম্বর যুবদল, ১০ ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল, এবং ১১ থেকে ১৩ ডিসেম্বর মূল বিএনপির মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, বুধবার (৩ ডিসেম্বর) তার চিকিৎসায় যুক্ত হন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলেও পরে চিকিৎসা নিতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

