স্প্যানিশ লিগের বড় লড়াইয়ে আজ মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট—বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা বার্সা এবং চতুর্থ স্থানের অ্যাটলেটিকোর এই দ্বৈরথে ফেভারিট হিসেবে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। ক্যাম্প ন্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ড্র–এর সুযোগ কাজে লাগিয়ে লা লিগার শীর্ষে ওঠেছে বার্সেলোনা। ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় লিগ শিরোপার পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে কাতালানরা। তবে সত্য হলো, গত মৌসুমের ধার কিছুটা হারিয়েছে দলটি—বিশেষ করে ফিজিক্যালি শক্তিশালী ও গতিময় দলের বিপক্ষে রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ দুই ম্যাচেই তিন গোল হজম করেছে বার্সা। তাই জুলস কুন্ডে, গার্সিয়াদের রক্ষণের সামনে হুলিয়ান আলভারেজ, সোরলোথ ও গ্রিজম্যানদের কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
তবু বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। ১৪ লিগ ম্যাচে লেভানডোভস্কি, ইয়ামাল, রাফিনিয়ারা মিলে করেছেন ৩৯ গোল। সেই আক্রমণভাগকেই অ্যাটলেটিকোর হাইলাইন ট্যাকটিকস ভেদে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় ফ্লিকের দল।
অন্যদিকে, মৌসুমটা খারাপভাবে শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। টানা ছয় ম্যাচ জিতে আবারও শিরোপা দৌড়ে ফিরেছে ডিয়েগো সিমিওনির শিষ্যরা। বার্সার বিপক্ষে লড়াইয়ের আগে বড় কোনো ইনজুরি সমস্যা নেই—শুধু মার্কো লরেন্তের অভাব অনুভূত হবে। বরং ফর্মে থাকা স্ট্রাইকারদের কারণে কোচের সামনে ‘মধুর সমস্যা’। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করলেও নরওয়েজিয়ান স্ট্রাইকার সোরলোথ হয়তো জায়গা হারাতে পারেন আলভারেজের কাছে।

