রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আহমেদ আযম খান বলেন, “খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে আছেন। এর বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না। একে আপনারা ভেন্টিলেশন বা গভীর সংকটাপন্ন অবস্থা বলতে পারেন।”
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
তিনি দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন।

