খুলনায় আদালত চত্বরে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এখনও কাউকে আটক করতেও পারেনি পুলিশ। নিহতদের মরদেহের ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা হাসিব হাওলাদার ও মো. ফজলে রাব্বি রাজনকে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করে।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন। আদালত থেকে বের হয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খাচ্ছিলেন হাসিব ও রাজন। ঠিক তখনই ৪–৫ জন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। দুজন মাটিতে পড়ে গেলে হামলাকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল রাত ৯টার দিকে লবণচরা থানার জিন্নাহ পাড়ার তাহের দর্জির মোড় এলাকায় কাজী সম্রাট নামের আরেক ব্যক্তিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক দিনের মধ্যে পরপর তিনটি হামলা ও খুনের ঘটনায় খুলনা নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

