‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তি পেতেই ক্র্যাশ করল নেটফ্লিক্স

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তি পেতেই ক্র্যাশ করল নেটফ্লিক্স


অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। নেটফ্লিক্সে ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় এই সিরিজের প্রথম পর্ব প্রকাশের পরই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকে একনাগাড়ে সব পর্ব দেখে ফেলার প্রস্তুতিও নেন। কিন্তু দর্শকের বিপুল চাপ সামলাতে না পেরে মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মটি সাময়িকভাবে ক্র্যাশ করে।

২৭ নভেম্বর সিজন–৫ এর প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পরপরই এ বিভ্রাট সৃষ্টি হয়। বিশেষত, যারা টিভি সেটে পর্বগুলো স্ট্রিম করতে চেয়েছিলেন, তারা সংযোগ সমস্যার মুখে পড়েন। এ কারণে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে অভিযোগ জানান অসংখ্য ভক্ত।

ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার ব্যবহারকারী নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। ভারতেও বহু গ্রাহক একই সমস্যার কথা জানান, যেখানে পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ রেকর্ড হয়।

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায়, কিছু ব্যবহারকারী টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়লেও পাঁচ মিনিটের মধ্যেই সবার জন্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

এ ধরনের ক্র্যাশ নেটফ্লিক্সের জন্য নতুন নয়। ২০২৪ সালে মাইক টাইসন ও জেইক পলের বক্সিং ম্যাচ এবং ‘লাভ ইজ ব্লাইন্ড’ রিয়েলিটি শোর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্মে একই সমস্যা হয়েছিল। এমনকি ২০২২ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন–৪ এর শেষ দুটি পর্ব মুক্তির সময়ও নেটফ্লিক্স অচল হয়ে পড়েছিল।

উল্লেখ্য, তিন বছরের দীর্ঘ বিরতির পর নতুন সিজন নিয়ে ফিরেছে ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯৮০-এর দশকের পটভূমিতে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরকে কেন্দ্র করে নির্মিত এ সিরিজটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *