আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে মাঠে নেমে প্রস্তুতি সেরেছে টাইগাররা।
টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর দল রয়েছে দারুণ আত্মবিশ্বাসে। তবে অনুশীলনে ছিল ব্যস্ত সময়। মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান ইমন ও জাকের আলী অনিক নেটে দীর্ঘ সময় ব্যাটিং-বোলিংয়ে মনোযোগ দিয়েছেন। অফ ফর্ম কাটিয়ে ওঠার লক্ষ্যে জাকের আলীকে দেখা গেছে বাড়তি পরিশ্রম করতে। পারিবারিক কারণে এই সেশনে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক লিটন দাস।
আজ বুধবার (২৬ নভেম্বর) উন্মোচন করা হবে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। আর আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ফিল সিমন্সের কোচিংয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা দাপুটে জয় তুলে নিয়েছিল।

