৩৬ দলের লড়াই শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এখন টিকে আছে মাত্র আটটি দল। মঙ্গলবার ও বুধবারের রোমাঞ্চকর ফিরতি লেগ শেষে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ।
চেলসিকে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত করে শেষ আটে জায়গা করে নিয়েছে পিএসজি। যেখানে তাদের মুখোমুখি হবে গালাতাসারেকে হারিয়ে আসা শক্তিশালী লিভারপুল।
এদিকে, ইউরোপসেরার লড়াইয়ে সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ দ্বৈরথ। ম্যান সিটিকে বিদায় করে লস ব্লাঙ্কোসরা যখন আত্মবিশ্বাসী, তখন আতালান্তাকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে এসেছে বাভারিয়ানরা।
‘স্প্যানিশ ক্লাসিকো’ লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। আর অপেক্ষাকৃত সহজ ড্র পেয়েছে আর্সেনাল। তাদের প্রতিপক্ষ স্পোর্টিং সিপি, যারা বোডো/গ্লিম্টের বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে ৫-৩ ব্যবধানে জিতেছে।
আগামী ৭ ও ৮ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল।
আর ইউরোপসেরার মুকুটের জন্য ৩০ মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় বসবে মেগা ফাইনাল।

