টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় শহীদ ক্যাডেট স্কুলের একাডেমিক ভবনের ৬ তলা থেকে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্কুলের ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় শিক্ষার্থী মুহিদুল ইসলাম লামিত। পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর দাদা ও চাচা অভিযোগ করে বলেন, শিক্ষকদের অবহেলা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে শহীদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

