জামায়াতে ইসলামী তাদের আসন্ন ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাওয়াত দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় আলাপচারিতায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার প্রসঙ্গ ওঠে। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

