মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রসিকিউশন টিমের কোনো সদস্য অনিয়মে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত যথাযথভাবে হয়েছে কি না, তা পুনরায় যাচাই করা হবে। তদন্তে কোনো ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিন সকালে জুলাই আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম। বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

