প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছে অফিস করেন।
কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন দাপ্তরিক বিষয়ে মতবিনিময় করেন।
সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন।

