পুরোনো বন্দোবস্ত ও কাঠামোর কারণে অতীতে আনসার ও ভিডিপি বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহুদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কাজির দেউড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মহাপরিচালক বলেন, দেশের নির্বাচন ইতিহাসে এবারই প্রথম প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক মোবাইল স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। অতীতে যে সংস্কৃতির ধারাবাহিকতায় নির্বাচনকে বিতর্কিত করা হয়েছে, এবার সেই সুযোগ আর দেওয়া হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে হবে, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়।
সমাবেশে নগরীর বিভিন্ন থানা ও উপজেলার প্রায় ২৬ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

