রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জায়মা রহমান বলেন, ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি কার্যকর পাইপলাইন তৈরি করতে হবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে নারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না, ফলে যোগ্য ও দক্ষ নারী নেত্রীদের সামনে আনার সুযোগও হারাতে হবে।
তিনি বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্বে সম্পৃক্ততা না থাকলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা তৈরি হয় না। তালগাছের ছায়া ছাড়া যেমন ছোট গাছ বড় হতে পারে না, তেমনি নারীদের জন্য সহায়ক পরিবেশ না থাকলে নেতৃত্ব বিকাশও সম্ভব নয়। পুরুষদের জন্য যেসব সুযোগ-সুবিধা থাকে, নারীরা অনেক ক্ষেত্রেই তা থেকে বঞ্চিত হন। এই ব্যবধান কমাতে নারীদের সঙ্গে কার্যকর সংযোগ ও সহযোগিতা প্রয়োজন।
রাজনীতিতে অর্থনৈতিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরে জায়মা রহমান বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে নারী নেত্রীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সহায়তা পেলে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাও কমে আসবে।
তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা একটি ভিন্নধর্মী ও উন্নত দেশ গড়তে চাই। এর জন্য চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে।
নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব একটি কোড অব কন্ডাক্ট থাকা উচিত। নারী নেত্রী বা কর্মীদের প্রতি কোনো ধরনের হয়রানি হলে দলকে দায় নিতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়ে জায়মা রহমান বলেন, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে একযোগে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

