নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭-তে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি এলাকাবাসীর বিভিন্ন দাবি-দাওয়া শোনেন এবং বিএনপি সরকার গঠন করলে সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসিবি এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, যেহেতু এটি একটি পথসভা, তাই বক্তব্য দীর্ঘ করবো না। বেশি সময় নিলে মানুষের চলাচলে সমস্যা হতে পারে।
তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার জন্ম, শৈশব ও বেড়ে ওঠা। আমার ও আমার ভাইয়ের সন্তানদের জন্মও এই এলাকাতেই। এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।
নিরাপদ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা ঢাকাসহ সারাদেশকে একটি নিরাপদ শহরে পরিণত করতে চাই। এমন একটি শহর যেখানে নারীরা যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে এবং সবাই নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি করতে পারবে। শহরের মানুষ যেন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে—এমন পরিবেশ আমরা গড়ে তুলতে চাই।
এলাকাবাসীর দাবির প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকার অভিযোগ রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শুধু এই এলাকা নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশু-কিশোররা খোলা মাঠে খেলাধুলার সুযোগ পায় এবং নারী ও প্রবীণরা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন।
এছাড়া তিনি জানান, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্তকরণের দাবিও রয়েছে। বিএনপি সরকার গঠন করলে মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য ওই সড়ক প্রশস্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

