সুর্নিদিষ্ট কোন অভিযোগ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্য অভিযোগ দায়ের করেছেন প্রতিপক্ষ প্রার্থী। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কয়েকজনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও জামায়াতের জোট প্রার্থী আচরণবিধি লঙ্ঘণ করে প্লাস্টিক দিয়ে দাঁড়িপাল্লা তৈরি টাঙ্গানো হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী প্রধান এজেন্ট আসাদুজ্জামান বাবলু উপরোক্ত অভিযোগ করেন। আমজাদ হোসেনের বাস ভবনের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে আসাদুজ্জামান বাবলু আরও বলেন, গ্রামে গ্রামে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বাঁশের লাঠি কেটে রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চলছে। বিএনপির অভিযোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক এবং বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টোসহ নেতৃবৃন্দ।

