গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৯৮ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। তেলআবিবভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি জানিয়েছে, এখনো বহু বন্দির কোনো খোঁজ পাওয়া যায়নি—ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শারীরিক নির্যাতন, পর্যাপ্ত চিকিৎসার অভাব ও অপুষ্টির মতো কারণেই অধিকাংশ বন্দির মৃত্যু ঘটেছে।
সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর প্রথম আট মাসে গড়ে প্রতি চার দিনে একজন ফিলিস্তিনি বন্দি প্রাণ হারিয়েছেন। তবে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে মৃত্যুর হালনাগাদ তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা কারা কর্তৃপক্ষ। হেফাজতে মারা যাওয়া অধিকাংশই ছিলেন ‘সিকিউরিটি প্রিজনার’—যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগও ছিল না।

