৩০০ আসনে একযোগে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ; পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারিই হচ্ছে নির্বাচন। এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আজ মাঝরাত থেকে ছাপানো হবে ব্যালট পেপার।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৬ কোটি ৪৮ লাখ পুরুষ ভোটার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এবারের ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি ও বুথ থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।
তিনি আরও জানান, নির্বাচনে ১ লাখের মতো সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৮ হাজারের মতো র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাঁচশ’র মতো থাকবে ড্রোন। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৫ জন থাকবেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ১৮-১৯ জন।
শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনকে (ইসি) যতোটুকু সহায়তা লাগে, সেটা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি নির্দেশ দিয়েছেন, নির্বাচনের সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। যেখানে বিদ্যুতের সংকট হবে, সেখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় এবারের ভোট গণনা দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব।

