বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-জামিননামা চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ই-জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ উদ্যোগের কথা বলেন। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু করা হয়।
আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ই-জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই ২০-২২ দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলার ই-জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া, পরবর্তী সরকার কোনো কার্যক্রম বন্ধ করবে না।
ই-জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। ই-জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে। সেই সঙ্গে কমবে দুর্নীতিও। এছাড়া জমিজমা সংক্রান্ত মানুষের ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করার প্রকল্প শুরু হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর আওতায় জমিজমা সংক্রান্ত ফৌজদারি মামলাও অনলাইনে করা হবে।

