নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অবশেষে গ্রেফতার

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অবশেষে গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. শিপন (৩১) নামে এক যাত্রীবাহী বাসের চালককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার শিপন সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের মৃত হাফিজ উল্লার ছেলে।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, বাস চালানোর আড়ালে পরিবহন শ্রমিকদের একটি চক্র চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা এনে সরবরাহ ও বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে উপজেলার নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে একটি বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে শিপনের কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *