রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আকাশ সরকার নামের ওই শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান।
তিনি বলেন, আমরা সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

