তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার, বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

