পোস্টাল ব্যালটে ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়া নিয়ে ইসির ব্যাখ্যা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের নির্ধারিত ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, যতটুকু তথ্য তাদের কাছে রয়েছে, সরকারিভাবে প্রকাশিত গেজেটের অর্ডার বা ধারাবাহিকতা অনুযায়ীই পোস্টাল ব্যালট পেপারে প্রতীকগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ‘ধানের শীষ’ প্রতীকটি ব্যালট পেপারের মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে চোখে পড়ে না।
পরদিন গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও একই অভিযোগ পুনরাবৃত্তি করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান বলেন, কিছু দলকে সুবিধা দিতেই তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। তিনি দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকের উদাহরণ তুলে ধরেন।
পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি—এমন পোস্টাল ব্যালটগুলো সংশোধনের দাবি জানান দলটির এই সিনিয়র নেতা।
এ বিষয়ে ব্যালট পুনরায় ছাপা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। কমিশনের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

