ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এখনও মূলত চাকরি পাওয়ার উদ্দেশ্যেই শিক্ষাদান করা হচ্ছে, যা সময়োপযোগী নয়। তিনি প্রশ্ন রাখেন, “চাকরি খোঁজার মানসিকতা বাদ দিয়ে শিক্ষার্থীরা কেন উদ্যোক্তা হওয়ার দিকে এগোচ্ছে না?”
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, দেশে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং তার প্রত্যাশা— এই তরুণদের অনেকেই আসন্ন নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বে আসবেন।
এ সময় তিনি তরুণ সমাজকে স্বপ্নবাজ, উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

