​কলকাতায় পুরস্কার পেলো রাশেদ মানিকের ‘প্রাণবিক’

​কলকাতায় পুরস্কার পেলো রাশেদ মানিকের ‘প্রাণবিক’

ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘কানস ফিল্ম, কনটেন্ট ক্রিয়েটরস ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি’-তে প্রামাণ্যচিত্র বিভাগে ফার্স্ট রানারআপ হওয়ার সম্মান অর্জন করেছেন বাংলাদেশের নির্মাতা মো. রাশিদুল ইসলাম, যিনি রাশেদ মানিক নামে বেশি পরিচিত। তাঁর পরিচালিত প্রামাণ্যচিত্র ‘প্রাণবিক’ (Faunatarian) এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

শনিবার (১০ জানুয়ারি) কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন দেশ থেকে আগত নির্মাতা ও শিল্পীদের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে নির্মাতা রাশেদ মানিক বলেন,
“এই পুরস্কার আমি উৎসর্গ করছি ঢাকার রাস্তায় থাকা প্রতিটি অসহায় ও অবলা প্রাণীর প্রতি। আমার প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমি মূলত রাজধানীর ব্যস্ত সড়কে টিকে থাকা প্রাণীদের জীবনসংগ্রাম এবং তাদের সুরক্ষা ও কল্যাণে নিঃশব্দে কাজ করে যাওয়া মানবিক মানুষ ও সংগঠনগুলোর গল্প তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি আরও জানান, কলকাতার নন্দনের মতো মর্যাদাপূর্ণ স্থানে এমন স্বীকৃতি পাওয়া তার সৃজনশীল কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানবিক গল্প নির্মাণে তাকে উৎসাহিত করবে।

উল্লেখ্য, ‘প্রাণবিক’ প্রামাণ্যচিত্রটি এর আগেও দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে। সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *