সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে পারদ নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তাতে তেমন উষ্ণতা অনুভূত হচ্ছে না।
শীতের এ দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। একই সঙ্গে শীতের প্রকোপে ঠাণ্ডাজনিত রোগব্যাধিও বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

