আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, যারা আপিল আবেদন করছেন, সেগুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আবেদনকারীরা আপিল করতে নির্বাচন কমিশনে আসছেন। এদিন সকাল থেকে ১৮টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল গ্রহণ কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। এরপর আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

