সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নেমেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন।

শুক্রবার রাষ্ট্রীয়ভাবে ঘোষিত তিন দিনের শোক শেষ হলেও বিএনপির ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি এখনো চলমান রয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে শত শত মানুষের সমাগম ঘটে। কবর জিয়ারতের পাশাপাশি অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজও অনেকেই কোরআন শরিফ খতম ও দোয়া মাহফিল করছেন।
শ্রদ্ধা জানাতে আসা মানুষজন বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন সারাজীবন দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন। তাদের মতে, বেগম খালেদা জিয়া শুধু একজন জাতীয় নেতা নন, বরং একজন আন্তর্জাতিক মানের নেতৃত্বের প্রতীক।
এদিকে, বেলা ১১টার দিকে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপসহীন এই নেত্রী আমাদের শিখিয়েছেন কীভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধের পথও তিনি দেখিয়ে গেছেন।
