সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষ, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। তাদের চোখে মুখে একজন আপসহীন নেত্রীকে হারানোর বেদনা।

সকাল সাড়ে ১১টার দিকে দেখা গেছে, জানাজার আড়া ঘণ্টা বাকি থাকলেও হাজার হাজার মানুষ অবস্থান করছেন সংসদ ভবন এলাকায়। আসছেন আরও মানুষ। জনতার স্রোত কেবল বাড়ছেই।
ইতোমধ্যে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে। গেট খুলে দেয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা ঢুকে পড়েন। দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পতাকায় মোড়ানো তার মরদেহবাহী গাড়িটি রওয়ানা দিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশে। আজ বেলা ১১টার দিকে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি বের হয়।
