দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি লন্ডনে একটি আলোচনা সভায় অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, এটি হবে দেশে প্রত্যাবর্তনের আগে লন্ডনে তার সর্বশেষ জনসভা।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশে ফেরার আগে তারেক রহমানের শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভাটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

