আফগানিস্তানে নারীদের জন্য তায়কোয়ান্দো জিম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী এক নারী ক্রীড়াবিদকে ১৩ দিন কারাভোগের পর মুক্তি দিয়েছে তালেবান। তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম খাদিজা আহমাদজাদা। তিনি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের কাছে বসবাস করতেন এবং মেয়েদের জন্য একটি তায়কোয়ান্দো জিম পরিচালনা করছিলেন।
দেশটির মিনিস্ট্রি অফ ভাইস অ্যান্ড ভারচুও’র মুখপাত্র জানান, নারীদের ক্রীড়া সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে খাদিজাকে আটক করা হয়েছিল।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের জন্য সব ধরনের স্পোর্টস ক্লাব বন্ধ রয়েছে। তখন বলা হয়েছিল, ‘নিরাপদ পরিবেশ’ তৈরি হলে তা আবার চালু করা হবে। তবে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কোনো ক্লাবই পুনরায় চালু হয়নি, এবং নারীরা এখনো প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না।
পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরের কাছে বসবাসকারী খাদিজাকে আরও কয়েকজনের সঙ্গে আটক করা হয়। অভিযোগ ছিল, সঠিকভাবে হিজাব না পরা, জিমে গান বাজানো এবং নারী-পুরুষ একসঙ্গে থাকার সুযোগ দেওয়া।
এই অভিযোগে তাকে ১৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তালেবান কর্তৃপক্ষ জানায়, এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
খাদিজার গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেটের। তিনি অনলাইনে পোস্ট দিয়ে খাদিজার দ্রুত মুক্তির আহ্বান জানান।
এ সময় তিনি কুন্দুজ শহরে আটক নারী সাংবাদিক নাজিরা রশিদির প্রসঙ্গও তুলে ধরেন। তবে তালেবান মুখপাত্ররা দাবি করেছেন, নাজিরা রশিদির আটক সাংবাদিকতার কারণে নয়।
তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং খেলাধুলার ওপর কঠোর বিধিনিষেধ অব্যাহত রয়েছে। খাদিজার মুক্তি মিললেও, নারীদের অধিকার নিয়ে উদ্বেগ কাটছে না আন্তর্জাতিক মহলে।

