জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত প্রায় ২টার দিকে তাকে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকেরা দুটি স্টেন্ট বসিয়েছেন। বর্তমানে ৬১ বছর বয়সী এই শিল্পীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সূত্র জানায়, টানা কয়েকদিন ধরে একের পর এক অনুষ্ঠান থাকায় শারীরিকভাবে বেশ ক্লান্ত ছিলেন নচিকেতা। শনিবার রাতেই আচমকা বুকে অস্বস্তি অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। গায়কের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, এর আগে তার হৃদরোগের কোনো সমস্যা ছিল না। নিয়মিত খাদ্যনিয়ন্ত্রণেও ছিলেন তিনি। তবে সাম্প্রতিক ব্যস্তসূচি ও ঘন ঘন অনুষ্ঠানের কারণে শারীরিক চাপ বেড়ে যায়।
রোববার আসানসোলে তার একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে অসুস্থতার কারণে তা বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের সব আয়োজনও স্থগিত করা হয়েছে।
এর আগেও নচিকেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গায়ককে নিয়মিত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ অনুযায়ী ফলমূল খাওয়ার চেষ্টা করলেও নচিকেতা আগেই জানিয়েছিলেন যে তিনি ভোজনরসিক নন এবং খুব বেশি খেতে পছন্দ করেন না।

