রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুসহ নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া।

