কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে, একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে ইসিতে আপিল করেন। আপিলের শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের রায় দেন।
উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে এর আগেও মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। পাল্টা হিসেবে বিএনপির এই প্রার্থীও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন।
তবে উভয় পক্ষের আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে। ফলে এই বিষয়ে ধানের শীষের প্রার্থীকে হতাশ হতে হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

