হাদির আরও একটি সার্জারি প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর

হাদির আরও একটি সার্জারি প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) হাসপাতালে পৌঁছানোর পরপরই হাদির প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা অস্ত্রোপচারের জন্য উপযুক্ত নয় বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পূর্বপ্রস্তুতি অনুযায়ী হাসপাতালে পৌঁছেই তাকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

হাদির চিকিৎসার তত্ত্বাবধানে তার সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার দুই বড় ভাই— ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কয়েকদিন তার চিকিৎসা চলতে থাকে।

তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *