ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে হাদিকে নিতে বিমানবন্দর থেকে দুই সদস্যের একটি মেডিকেল প্রতিনিধি দল রওনা দিয়েছে। দলে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।
এদিকে, ঘটনার দুই দিন পার হলেও হাদির শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কে অতিরিক্ত ফোলাভাবের কারণে তার রক্তচাপের ওঠানামা বেড়েছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনো পর্যন্ত হাদির শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য জানায়নি মেডিকেল টিম। তবে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ওই দিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে। পাশাপাশি একই দিন বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

